নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি হযরত শাহজালাল (রঃ) ও হযরত শাহপরান(রঃ) স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী মানিককোনা অঞ্চলের জ্ঞান পিপাসু সুশীল সমাজের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় মানিককোনা উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়ের নিবেদিত প্রাণ শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও দক্ষ পরিচালনা পর্ষদের মেধা, প্রজ্ঞা ও অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়টি মানিককোনা অঞ্চলের বিশাল জনপদের মাধ্যমিক শিক্ষার একমাত্র সূতিকাগার হয়ে ওঠে। পরবর্তীতে এতদ অঞ্চলের জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯৫ সালে বিদ্যালয়টিকে মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ রূপান্তরিত করে উচ্চ মাধ্যমিকের দ্বার উন্মুক্ত করেন। যা সাম্প্রতিককালে ফেঞ্চুগঞ্জ উপজেলার একটি প্রতিশ্রুতিশীল বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
আমার আশা এবং বিশ্বাস মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ অত্র অঞ্চলের একটি শিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এ প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকা সর্বদা থাকবে। এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়নে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এবং রাখছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় সৎ, চরিত্রবান, উদ্যমী, সাহসী, দেশপ্রেমিক, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।
এই প্রতিষ্ঠানে আমি ২০০৩ সালে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি।শুরু থেকেই একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে নিজে সচেষ্ট হই এবং আমার সহকর্মীদের উদ্বুদ্ধ করি।আমার দৃঢ় বিশ্বাস এবং প্রচেষ্টা মানিক কোন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা আধুনিক ওমানসম্পন্ন শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে।সকলের সার্বিক সহযোগিতা নিয়ে আমি এই প্রতিষ্ঠানটিকে অনন্য উচ্চতায় ও আদর্শ বিদ্যাপীঠ বিনির্মাণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ।
ধন্যবাদান্তে
সেলিম উদ্দিন
অধ্যক্ষ
মানিককোনা উচ্চ বিদ্যালয় ও কলেজ।